চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে টানা ৬ দিনের মতো তীব্র ও অতি তীব্র তাপমাত্রা বয়ে যাচ্ছে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তবর্তী এ জেলার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার ( ২১ এপ্রিল) বেলা ৩ টায় ৪২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ১৮ শতাংশ। বেলা ১২ টায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ২০ শতাংশ। সকাল ৯ টায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৬৮ শতাংশ।
গত ৬ দিন ধরে এ জেলার ওপর দিয়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যা ৬ টায় শনিবার ৪২ দশমিক ৪, শুক্রবার ৪১ দশমিক ৫, বৃহস্পতিবার ৪০ দশমিক ৪, বুধবার ৪০ দশমিক ৮ ও মঙ্গলবার ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনভাবেই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়তে পারে।
অন্যদিকে, টানা তাপদাহে অতিষ্ঠ সীমান্তবর্তী এ জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকুল। ফুটপথের ছোট ছোট দোকান বেশি ভাগ বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপে গরম অনুভূত হচ্ছে। রোদের তীব্র প্রখরতায় চারপাশে উত্তাপ ছড়াচ্ছে। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, ইজিবাইক চালক ও রিক্সা ভ্যান চালকরা দুর্বিসহ গরমে তাদের যানবাহন চালাতে পাছেনা। টাকা উপার্জন না করতে পেরে তারা হা-হুতাশ করছে।







