পাকিস্তানের করাচির নির্বাচন কমিশনের (ইসিপি) সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার ২ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটেছে এই বিস্ফোরণ।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
করাচি পুলিশের এসএসপি সাজিদ সাদোজাই গণমাধ্যমকে জানিয়েছেন, করাচির রেড জোন এলাকায় নির্বাচন কমিশনের সীমানা দেয়ালের কাছে একটি শপিং ব্যাগে এই টাইম বোমাটি রাখা হয়। রেড জোন এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে কঠোর। পাকিস্তানের সব বড় শহরে রেড জোন এলাকা রয়েছে এবং দেশটির গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো সেই এলাকায় অবস্থিত।
আগামী ৮ ফেব্রুয়ারি ১৬ তম পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। তবে আদালত ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রার্থিতা করতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রার্থীরাও নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।








