দক্ষিণ আফ্রিকায় জোহানসবার্গের কাছের একটি বস্তিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে শিশুসহ অন্তত ১৬ জন মারা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গ জেলার কাছে অ্যাঞ্জেলো বস্তিতে ঘটা এই দুর্ঘটনার সাথে অবৈধ খনির কার্যকলাপে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির জরুরী পরিষেবার মুখপাত্র উইলিয়াম নটালাদি ঘটনাস্থল বলেছেন, ঘটনাস্থলে থেকে এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও তিন শিশু রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক।
তিনি বলেন, জরুরী পরিষেবাকে স্থানীয় সময় রাত ৮ টার দিকে বিস্ফোরণের বিষয়ে জানানো হয়। কিন্তু পৌঁছানোর পরে দেখা যায় যে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্য থেকে জানা যায়, গ্যাসটি অবৈধ খনন কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
এর আগেও এই অঞ্চলে একটি বিশাল গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ৪১ জনের মৃত্যু হয়েছিল।








