‘পাঠান’র দুর্দান্ত সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় রয়েছে তার পরবর্তী সিনেমার। ইতোমধ্যেই ঘোষণা এসেছে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’। আর এবার জানা গেল রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের ‘ডানকি’ সিনেমার!
বলিউড হাঙ্গামার একটি সূত্র বলছে, এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘ডানকি’র টিজার দীপাবলিতে মুক্তির পরিকল্পনা করছেন হিরানি।
তবে মজার বিষয় হল সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ দীপাবলির আশেপাশের সময়েই মুক্তি পেতে পারে। ফলে ধারণা করা যাচ্ছে ‘ডানকি’র টিজারও ওই একই সময়ে মুক্তি পাবে।
জানা গেছে, ‘ডানকি’ ছবিতে একজন আর্মি অফিসারের চরিত্রে দেখা যাবে বাদশাকে। ছবির অ্যানাউন্সমেন্ট টিজারেও আর্মি লুকে ঝলক দেখা গিয়েছিল তার। এর আগে শাহরুখকে ‘ফৌজি’, ‘যাব তাক হ্যায় জান’, ‘ম্যায় হু না’ ছবিতে আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল।
এদিকে ইতোমধ্যেই জিও সিনেমা ১৫৫ কোটিতে ডিজিটাল রাইটস কিনেছে এই সিনেমার। যা ভারতীয় সিনেমার ইতিহাসে একক ভাষায় মুক্তি পাওয়া সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি!
‘ডানকি’ সিনেমায় কিং খানের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাজকুমার হিরানি, অভিজাত যোশি ও কণিকা ধীলন। সিনেমাটির সহপ্রযোজনা সংস্থা জিও স্টুডিয়োস ও রাজকুমার হিরানি ফিল্মস।
সূত্র: বলিউড হাঙ্গামা








