ইদানিং দর্শক এবং ছবিশিকারিদের ভিড়ে প্রায়ই বেসামাল পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বহু তারকাকে। এবার ইফতারের অনুষ্ঠানে গিয়ে এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। আর তাতেই বিরক্ত হয়ে মেজাজ হারালেন অভিনেত্রী।
রেগে গিয়ে মুখ খুলতে বাধ্য হন অভিনেত্রী। হিনা একটি ইফতার পার্টিতে গিয়েছিলেন। সেখানেই ভক্তরা ভিড় করে তাকে দেখবে বলে। অনেকে সেলফি তোলার আশায় দাঁড়িয়েও ছিলেন। হিনাও সেইমতো অনুরাগীদের সব আশা পূরণ করবেন বলেই ভেবেছিলেন। কিন্তু, তা হল না।
কারণ, সেই ভিড়ে যে শুধুই অনুরাগীরা ছিল তা নয়, পাপারাজ্জিরাও শামিল হয়েছিলেন। তাতেই সমস্যার সৃষ্টি হয়। চেঁচামেচি, বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি এমনই হয় যে, নিরাপত্তারক্ষীরাও তা সামাল দিতে পারছিলেন না। শেষে ময়দানে নামেন হিনা নিজেই। বাধ্য হয়ে চিৎকার করেন নায়িকা। হিনা বলেন, “চুপ। একেবারে চুপ। শান্ত হন আপনারা।” শেষে হিনার রেগে যাওয়ায় কিছুটা শান্ত হয় সবাই।
অসুস্থতা কাটিয়ে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত হওয়ার পরেও নিজের মনোবল হারাননি অভিনেত্রী। উল্টো নিজের মতো কাজ চালিয়ে গিয়েছেন। নতুন করে পর্দায় অভিনেত্রীকে দেখার অপেক্ষায় দর্শক।- ফ্রি প্রেস জার্নাল







