বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা ঘরে তুলেছে বেয়ার লেভারকুসেন। ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা ৫১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার রাতে মৌসুমের প্রথম পরাজয়ের মুখ দেখছে জাভি আলোনসোর দল। হার নিয়ে স্পেনিয়ার্ড কোচ বলেছেন, আমরা একটি বাজে রাত কাটিয়েছি।
লিগপর্বের প্রায় প্রতিটি ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা জার্মান ক্লাবটি ডাবলিনে কোনো রূপকথা লিখতে পারেনি। আলোনসোর কথায়, ‘আটলান্টা আমাদের চেয়ে ভালো দল এবং তারা শিরোপার দাবিদার। আজ আমাদের দিন ছিল না। আমরা একটি বাজে রাত কাটিয়েছি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এটা হল যা আমাদের পোড়াচ্ছে।’
‘আমরা যা করেছি সেটা ব্যতিক্রমী। আজকের দিনটি বেদনাদায়ক, কিন্তু এটা আমাদের প্রাপ্যও। ফাইনালে এমন পরাজয়, কখনও ভুলবেন না। দিনটি নিজেদের করে নেয়ার জন্য আমরা ভালো সুযোগ পেয়েছিলাম। কিন্তু সবকিছু সঠিকভাবে কাজ করেনি, আমরা সর্বোচ্চটা দিতে পারিনি। তবে আমরা আজকের থেকে শিক্ষা নেব।’
জার্মান কাপে শিরোপা জয়ের বিষয়ে স্পেনিয়ার্ড আলোনসোর ভাষ্য, ‘প্রথম গোলের পর তারা যে শক্তিটা দেখিয়েছে আমরা তা পারিনি। নিজেদেরকে গোল করার মতো অবস্থায়ও নিতে পারিনি। লিগ শিরোপা উঁচিয়ে ধরার পর ইউরোপা লিগের ফাইনাল খেলা, এরপর সামনে জার্মান কাপের ফাইনাল, সেটাও আমাদের কাছে বেশ গুরুত্ব বহন করে।’
লেভারকুসেনের আগে ইউরোপের ইতিহাসে টানা জয়ের রেকর্ড ছিল পর্তুগীজ ক্লাব বেনফিকার। ১৯৬৩-১৯৬৫ মৌসুমে স্বপ্নের মতো একসময় কাটিয়েছিল পর্তুগালের অন্যতম সফল দলটি। সব মৌসুম মিলিয়ে জিতেছিল টানা ৪৮ ম্যাচ। ইতিহাসের পাতায় নাম উঠিয়ে টিকেছিল দীর্ঘসময়।





