ইউরো চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। জিব্রাল্টারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আরেক ম্যাচে মাল্টাকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
শুক্রবার প্রতিপক্ষের মাঠে ৩-০তে জয় পেয়েছে ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দলটি অবশ্য র্যাঙ্কিংয়ের ২০১ নম্বর দলটির সঙ্গে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে।
ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় অলিভিয়ের জিরুদের গোলে এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান কাইলিয়ান এমবাপে। শেষ দিকে নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান আরও বাড়ায় জিব্রাল্টার।
দারুণ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘বি’ গ্রুপের শীর্ষে ফ্রান্স। আরেক খেলায় আয়ারল্যান্ডকে ২-১তে হারিয়ে এক ম্যাচ কম খেলে দুইয়ে আছে গ্রিস। তলানিতে থাকা জিব্রাল্টার জিততে পারেনি এক ম্যাচও।
‘সি’ গ্রুপের ম্যাচে মাল্টার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে ইংলিশরা জয় পায়। নিজেদের জালে ফার্দিনান্দো বল জড়ালে অতিথিরা এগিয়ে যায়। এরপর প্রতিপক্ষের মাঠে একটি করে গোল করেন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন।
৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। একটি করে ম্যাচ কম খেলে দুইয়ে ইউক্রেন ও তিনে আছে ইতালি। আর সব ম্যাচ হেরে তলানিতে আছে মাল্টা।








