লামিন ইয়ামালের আরেকটি ইতিহাস গড়া ম্যাচে সাইপ্রাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। আরেক খেলায় ডেভিড ফ্রাটেসির জোড়া গোলে ইউক্রেনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ইতালি।
নুয়েভো লস কারমেনেসে মঙ্গলবার রাতে ম্যাচে ইয়ামাল স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে শুরুর একাদশে জায়গা পান। ১৬ বছর ৬১ দিন বয়সেই তাকে ম্যাচের সূচনালগ্নে মাঠে দেখা যায়।
কয়েকদিন আগেই জর্জিয়ার বিপক্ষে ১৬ বছর ৫৭ দিন বয়সে স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। বদলি খেলোয়াড় হিসেবে নেমে গোল করে হন স্পেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী স্কোরার।
গোল উৎসবের ম্যাচের ১৮ মিনিটে গ্যাভির গোলে স্পেনিয়ার্ডরা পায় লিড। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল মেরিনো।
বিরতির পর সাইপ্রাসের জালে স্বাগতিকরা দেয় আরও চার গোল। ৭০ মিনিটে লক্ষ্যভেদ করেন জোসেলু। তিন মিনিট পর জালের দেখা পান ফেররান তরেস। মিনিট চারেক পর নিশানাভেদ করেন অ্যালেক্স বেনা। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তরেস।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে স্পেন। এক ম্যাচ বেশি খেলা স্কটল্যান্ড সব ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার।

জিউসেপ মেজায় হওয়া আরেক ম্যাচে ইতালি পায় স্বস্তির জয়। ম্যাচের ১২ ও ২৯ মিনিটে ডেভিড ফ্রাটেসি আজ্জুরিদের হয়ে গোল পান। ইউক্রেনের হয়ে ৪১ মিনিটে আন্দ্রি ইয়ারমোলেনকো লক্ষ্যভেদ করে ব্যবধানটাই কেবল কমাতে পেরেছিলেন।
এ জয়ের ফলে ৪ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া ইতালি ‘সি’ গ্রুপ থেকে টেবিলের দুই নম্বরে উঠেছে। এক ম্যাচ বেশি খেলা ইউক্রেনের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে তিনে নেমেছে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষে ইংল্যান্ড।
ঘরের মাঠে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেন রোমেলু লুকাকু। গ্রুপ ‘এফ’ থেকে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষে আছে।
‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে সুইডেনকে ৩-১ গোলে হারানো অস্ট্রিয়ারও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট। গোল পার্থক্যে রয়েছে টেবিলের দুইয়ে। ৬ পয়েন্ট নিয়ে তিনে সুইডেন।
এদিকে, অ্যান্ডোরাকে ৩-০ গোলে হারানো সুইজারল্যান্ড ‘আই’ গ্রুপ থেকে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে।








