ইউরোতে নিজেদের ম্যাচের সময় ইংল্যান্ডের এক সমর্থক আরেক সমর্থককে ঘুষি মেরে চোয়াল ভেঙে দেন। ঘটনায় ফুটবল থেকে নিষিদ্ধ হতে চলেছেন ওই সমর্থক। গত ১৬ জুলাই জেলসেনকির্চেনে ইংল্যান্ড-সার্বিয়া ম্যাচের সময় ঘটনাটি ঘটে।
জশ ওয়াহ নামের ৩৩ বর্ষী ওই সমর্থক যুক্তরাজ্যের টিসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়েছিলেন। প্রসিকিউটর তার বিরুদ্ধে অভিযোগ আনেন, ‘এ আসামী জার্মানিতে ইংল্যান্ড-সার্বিয়া ম্যাচের সময় বা পরে হামলার জন্য দোষী বলে অভিযোগ করা হয়। এর ফলে আহতের চোয়াল এবং নাক ভেঙে গেছে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন।’
ওই প্রসিকিউটর দাবি করেন যে, এ ঘটনার সময় একটি ছবি তোলা হয়েছিল এবং ওয়াহকে শনাক্ত করা হয়েছিল। তার ভিত্তিতে সিভিল ফুটবলে ওয়াহকে নিষিদ্ধ করার জন্য আবেদন করা হয়েছে।
তবে আদালতের চেয়ারম্যান পিটার চার্লটন সরাসরি কোনো সিদ্ধান্তে না গিয়ে বিচার আগামী ২৯ আগস্ট পর্যন্ত মুলতবি রেখেছেন। এ সময় ওয়াহকে তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং নিয়মিত কোনো ফুটবল ম্যাচে গ্যালারিতে যেতে পারবেন না।








