স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে নকআউট পর্বে পা দিয়েছে ইংল্যান্ড। ডি-গ্রুপে তাদের সঙ্গী ডেনমার্কও কেটেছে শেষ ষোলোর টিকিট। সার্বিয়ার বিপক্ষে ডেনিশরা গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে।
তিন খেলায় ৫ পয়েন্ট পাওয়া ইংলিশরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলবে। সবকটিতে ড্র পাওয়া ডেনমার্ক ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। সমান পয়েন্ট ও গোল ব্যবধান সত্ত্বেও ডিসিপ্লিনারি রেকর্ডের জন্য টেবিলের তিনে স্লোভেনিয়া। ২ পয়েন্ট পাওয়া সার্বিয়া আসর থেকে ছিটকে গেছে।
কলগনে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ম্যাচে ৭২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ও ৬৯৪ পাস দিতে সক্ষম হলেও জালের দেখা পায়নি ইংল্যান্ড। ১৯ মিনিটে বুকায়ো সাকা লক্ষ্যভেদ করেন, কিন্তু ফিল ফোডেন অফসাইড পজিশনে থাকায় গোল বাতিল হয়।
এদিকে, মিউনিখের ফুটবল অ্যারেনায় ডেনমার্ক প্রাধান্য বিস্তার করেও গোলের দেখা পায়নি। ১০টি শটের একটিতে আসেনি সাফল্য। ডিসিপ্লিনারি রেকর্ড ঘেঁটে দেখা যায় ডি-গ্রুপে তিন ম্যাচে ডেনমার্ক ও স্লোভেনিয়ার পয়েন্ট ৩। গোল পার্থক্য সমান এবং দুদলই দেখেছে ৬টি করে হলুদ কার্ড। তবে স্লোভেনিয়ার সহকারী কোচ ম্যাচে হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী ডেনিশরা পরের রাউন্ডে খেলার ছাড়পত্র পায়।








