কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা।
পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শ্বাশ্বত, জিতু, অর্ণিবান, ঋত্বিক,ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা, পায়েলদের মতো প্রথমসারির তারকা। আরও ছিলেন সৃজিত মুখার্জী, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জীর মতো প্রথমসারীর নির্মাতারা। এতসব তারকাদের ভীড়ে মধ্যমনি হয়েছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান।
এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্মোধন করে ডেকে নেন।
তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে ‘দরদ’ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।
মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একইরকম অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।
এদিকে, সেখানকার ১৮টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী, নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।
তাকে সামনে পেয়ে আলাদা উন্মাদনা তৈরি হয় কলকাতাবাসীর মধ্যে। হুড়মুড়িয়ে পরে ভারতের মিডিয়া। দেদার সেলফিতে বন্দি হন শাকিব। অনেক ভক্তর সই আবদার মেটালেন তিনি। জিবাংলার মিঠাই ধারাবাহিকে মূল অভিনেত্রী সৌমি তৃষা বলেন, শাকিব ভাইয়ের আমি বড় ফ্যান। ফলে তার আসা এবং এসকের দাওয়াত আমি ফেরাতে পারিনি।
পরিচালক সৃজিতের এবং অভিনেতা রুদ্রনীলে সাথেও দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় শাকিবকে। একসাথে বের হওয়ার সময় সৃজিতকে সাংবাদিকদের প্রশ্ন নতুন কোনো ছবির পরিকল্পনা কি? উত্তরে হেসে ফেলেন শাকিব, সৃজিত বলেন, দেখা যাক।
প্রযোজক এসকে মুভিজ এর বিষয়ে শাকিব বলেছেন, এসকে মুভিজ এর সাথে আমার পথচলা অনেক বছর আগে থেকেই। চমৎকার একটা সম্পর্ক আছে। একটা ফ্যামিলি বন্ডিং আছে। ধানুকা আঙ্কেল (অশোক ধানুকা), হিমাংশু যখন বললো, চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছি। তোমাকে আসতেই হবে। আমি না করতে পারলাম না।
তিনি বলেন,“আমার আপকামিং মুভি বরবাদ। মুম্বাইতে যার কাজ চলছে। সেখান থেকে আমার কলকাতায় আসা। শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। চমৎকার আয়োজন, খুবই ভালো লাগছে।”








