মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও দ্বিতীয়টিতে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শারজায় বৃহস্পতিবার মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ক্যারিবীয়দের বিপক্ষে পরিবর্তন ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের মাটিতে এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পালাবদলে শেষ মুহূর্তে এসে পাল্টে যায় ভেন্যু। আসর নির্ধারণ হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, ঋতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, তাজ নেহার ও সাথী রাণী।








