ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নাগরিকদের ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার জন্য উৎসাহিত করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ভিয়েতনাম সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
মঙ্গলবার (১০ মার্চ) দেওয়া এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির ওপর বেশি নির্ভরশীল হওয়ায় এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভিয়েতনাম।
দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সরকার বলেছে, জ্বালানি সাশ্রয় করতে এবং পরিবহন ব্যবহারের প্রয়োজন কমাতে যেখানে সম্ভব সেখানে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ করার সুযোগ দিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, অপ্রয়োজনীয় যাতায়াত কমানো গেলে জ্বালানি ব্যবহারও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।








