যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভাষণে তিনি বলেন, তেহরান প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক বিভেদ তৈরির চেষ্টা করছে।
পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর যদি অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হয়, তাহলে তার জবাব দিতেবাধ্য হবে তেহরান। তবে এর অর্থ এই নয় যে, ওই দেশগুলোর সঙ্গে ইরানের সরাসরি বিরোধ রয়েছে।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, যারা ইরানের ওপর আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তেহরান এবং শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।
ভাষণে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনগণকে রাস্তায় নেমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসারও ডাক দেন তিনি।
পেজেশকিয়ানের ভাষায়, জনগণের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে শত্রুপক্ষকে ইরানের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করতে দেওয়া হবে না।







