ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য জরুরি পরিস্থিতি বিবেচনায় নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সবসময় সঙ্গে রাখার জন্য প্রবাসীদের প্রস্তুত থাকতে হবে।
দূতাবাস কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৩৬২০০০ এবং ইমেইল [email protected]–এ যোগাযোগ করতে বলা হয়েছে।








