টুইটারের নতুন সিইও খুঁজে পেলেন ইলন মাস্ক! না, কোনো মানুষ নয়, নিজের পোষা কুকুর ফ্লকিকে টুইটারের নতুন সিইও এর আসনে বসিয়ে রসিকতা করলেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক। মাস্ক মনে করেন, শিবা ইনু প্রজাতির এই পোষ্যটি টুইটারের সাবেক সিইও পরাগ আগরওয়াল থেকে অনেক বেশি দক্ষ এই কাজের জন্য!
টুইটারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মাস্ক পরাগ আগরওয়ালকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করেন। পরাগের পাশাপাশি টুইটারের আইনি প্রধান বিজয়া গাড্ডে এবং সিএফও নেল সেগালকেও চাকরি থেকে বিতাড়িত করেন মাস্ক।
আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইলন মাস্ক নিজের টুইটার একাউন্টে পোষা কুকুর ফ্লকির একধিক ছবি শেয়ার করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট পরে চেয়ারে রোয়াব নিয়ে বসে আছে কুকুরটি। টি-শার্টে বড় বড় ইংরেজি হরফে লেখা সিইও। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখে চশমা আর স্যুট-টাই পরে চেয়ারে বসে আছে ফ্লকি, তার সামনে টুইটারের একাধিক কাগজপত্র ছড়ানো। কাগজে সিইওর স্বাক্ষরের জায়গায় ফ্লকির পদচিহ্ন। ছবিগুলি শেয়ার করে মাস্ক লিখেছেন, ‘টুইটারের নতুন সিইও খুবই দক্ষ, নম্বর নিয়ে তার গভীর জ্ঞান।’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ! এছাড়া ইলন মাস্কের যে বড় অঙ্কের ঋণ পরিশোধ করার কথা ছিল, তা শোধ করা এখনও বাকি। তার আগেই টুইটারের আয় কমার খবরে বহু টুইটার কর্মী উদ্বেগে রয়েছেন বলেও জানা যায়।








