মৌসুমের শুরু থেকেই ছন্দে আছেন কাইলিয়ান এমবাপে। জালের দেখাও পাচ্ছেন নিয়মিত। তবে শুধু গোল করাই নয়, সবদিক থেকে ফরাসি তারকাকে আরও বেশি কার্যকর দেখতে চান রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে রিয়ালের বিপক্ষে লড়বে বার্সা। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় শুরু হবে খেলা।
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ম্যাচের আগে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করেছেন এমবাপে। বিশ্বকাপজয়ী এই তারকার অফসাইডের ফাঁদে পড়ার প্রবণতা বেশি। এমবাপে প্রসঙ্গে কোচ বলেছেন, ‘এমবাপেকে বেশ ভালো দেখছি। সবাই খুব উজ্জীবিত এবং জয়ের জন্য উন্মুখ। তারা সবাই জুভেন্টাস ম্যাচের ক্লান্তি কাটিয়ে উঠেছে। রোববার সেরাটা দেয়ার সময়।’
‘আমাদের খেলোয়াড়দের মানের কারণে তারা অফসাইড হতে পারে, কিন্তু আমাদের আরও কাজ করতে হবে। আমাদের দেখতে হবে, কোথা থেকে আমরা পাস দেই। ছোট ছোট বিষয়ই পার্থক্য গড়ে দেয়। আমি দেখতে চাই কিভাবে সে (এমবাপে) আরও কার্যকর হতে পারে এবং কিভাবে সে সবচেয়ে নির্ণায়ক হতে পারে, শুধু গোলের ক্ষেত্রেই নয়। দলের সামগ্রিক মান উন্নত হচ্ছে।’








