স্থপতি-নির্মাতা কিংবা গীতিকার বহুমাত্রিক পরিচয় আছে এনামুল করিম নির্ঝরের। গান নিয়ে আরো একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আসছেন তিনি। নির্ঝরের উদ্যোগে দেশের কয়েক প্রজন্মের অর্ধশতাধিক গানের শিল্পীরা এক হয়েছেন, গেয়েছেন ৬৩টি মৌলিক গান!
‘এক নির্ঝরের গান’ প্রকল্পের এই গানগুলো ৯ পর্বে প্রকাশিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (৮ জুন) রয়েছে আড্ডা আয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ জুন থেকে গান প্রকাশ শুরু হবে। প্রতি সপ্তাহে দুটি করে গান আসবে। শেষ হবে চলতি বছরের ১৬ ডিসেম্বর। এসব গান গানশালা ইকেএনসি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
সব কটি গানের কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতন’ শিরোনামের গান দিয়ে প্রথম পর্বের প্রকাশনা শুরু হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ,ফাহমিদা নবী, শফি মন্ডল, কোনাল প্রমুখ।







