মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে রবিবার লিসবনের হ্যালো পার্কে প্রবাসীদের জন্য ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুন্সীগঞ্জের পর্তুগালে বসবাসরত শতাধিক পরিবার স্বপরিবারে অংশগ্রহণ করেন এবং প্রবাসে ঈদের আনন্দ উপভোগ করেন।
দিনের শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানা তসলিম উদ্দিন, মুন্সীগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা রনি হোসাইন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, গ্লোবাল জালালাবাদের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, শেখ শাহিন, আমিরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজন করা হয়েছিল শিশুদের জন্য আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। নারী ও পুরুষদের জন্য আলাদাভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনন্দ আরও কয়েকগুণ বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শামসুল হক, কাজী মইনুর ও আমন্ত্রিত শিল্পীদের সুরেলা গান পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন। তাদের কণ্ঠের সুরে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে এবং প্রবাসীদের ঈদ আনন্দের দিনকে আরও স্মরণীয় করে তোলে।







