সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! আর লম্বা সময় ছুটি হলেতো কোনো কথাই নেই! ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে ৫টি নতুন সিনেমা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে আসছে শত শত কন্টেন্ট।
এসবের বাইরে ওটিটিতেও এসেছে নতুন নতুন কন্টেন্ট। ঈদের ছুটি যারা ঘরে বসেই কাটান, তারা দেখে নিতে পারেন ওটিটিতে মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত টাটকা কিছু সিনেমা, সিরিজ-
আম কাঁঠালের ছুটি, আইস্ক্রিন
ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে দেশ-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত ছবি ‘আম কাঁঠালের ছুটি’। শনিবার (১৫ জুন) থেকে প্লাটফর্মটিতে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি। দুরন্তপনা শৈশবের প্রতিনিধিত্ব করা এই সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।
মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৩-এ সমালোচক ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেতা পুরস্কার অর্জন করে ‘আম কাঁঠালের ছুটি’। কারো সাথে মিশতে না পারা আট বছর বয়সী একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আম কাঁঠালের ছুটি’। এটি শরীফ উদ্দিনের ‘মইন্না ভাই বল্লা রাশি’ ছোটগল্প অবলম্বনে নির্মাতার চিত্রনাট্যে নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে যুবায়ের, লিয়ন, আরিফ,হালিমা তানজিল, ফাতেমা।
রাজকুমার, বঙ্গ
চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া হিমেল আশরাফের আলোচিত নির্মাণ ‘রাজকুমার’। শাকিব খান অভিনীত অন্যতম আলোচিত ও প্রশংসিত এই ছবিটি ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। ২৪ টাকার বিনিময়ে এই প্লাটফর্ম থেকে এবার ঘরে বসেই সিনেমাটি দেখতে পারছেন দর্শক।
ফিমেল ৪, বঙ্গ
কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত নাটক ‘ফিমেল’। এরআগে ইউটিউবে নাটকটির তিনটি ফ্র্যাঞ্চাইজি দেখেছেন দর্শক। আগের তিনটি পর্বই ফ্রিতে দেখা গেলেও এবার এটি দেখতে হবে পয়সা খরচ করে! আর এ কারণে ইউটিউবের নাটকটিকে নির্মাতা ওয়েব ফিল্মে পরিণত করেছেন! বড়ে আয়োজনের এই ‘ফিমেল ৪’ দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে। ঈদের দিন সন্ধ্যা ৭টায় দর্শক স্ট্রিমিং করে দেখতে পারবেন এটি।
বাজি, চরকি
ঈদের জন্য মুক্তি পাওয়া অন্যতম ওয়েব সিরিজ ‘বাজি’। এই সিরিজের মাধ্যমেই ওটিটি জগতে পা রাখলেন জনপ্রিয় শিল্পী, অভিনেতা তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। রবিবার (১৬ জুন) রাত ৮টা থেকেই দর্শক ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারছেন সিরিজটি। এতে তাহসান ছাড়াও স্পোর্টস জার্নালিস্টের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এছাড়াও আরও অভিনয় মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ আরও অনেকে।
গোলাম মামুন, হইচই
ভারতীয় প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এরইমধ্যে সিরিজটি নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’, যেখানে চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের দায়িত্বে ছিলেন গোলাম মামুন। এবার সেই সিরিজের স্পিনঅফ ‘গোলাম মামুন’ নির্মাণ করলেন শিহাব শাহীন। গোলাম মামুনের চরিত্রে যথারীতি অভিনয় করেছেন ছোটপর্দার সুপারস্টার অপূর্ব। এছাড়াও সিরিজে দেখা গেছে সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু এবং সিরাজসহ আরও অনককে।








