বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমরা যত দ্রুত পারি, আজ রাতের মধ্যে ফ্লাইট চালু করার ব্যাপারে সর্বত্র চেষ্টা করা হচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, র্যাব, বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর ফায়ার ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।
বিমানবন্দরের কর্তব্যরত ব্যক্তিরা জানান, বিমানবন্দরের ক্যানোপি-১ থেকে ক্যানোপি-৬ পর্যন্ত, বিমানের স্টোর রুম, বিজিএমইএর কুরিয়ার সেকশনে আগুন জ্বলছে। বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে আজ বেলা সোয়া ২টার দিকে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা বলেন, আগুন কিছুটা নিয়ন্ত্রণে তবে পুরোপুরি নিয়ন্ত্রণের নয়। নিয়ন্ত্রণের জন্য কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
উপদেষ্টা বলেন, এটি নাশকতা কিনা এখনো বলা যাচ্ছে না। আগুনের কারণটাও জানা যায়নি। তবে এজন্য কয়েকটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।
আমদানি ইন ভয়েস অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে জানিয়েছেন তিনি।








