দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই কম্পন আঘাত হানে, যার প্রভাব ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সিলেট ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সংস্থাটি জানায়, শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।







