রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)–এর জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আপাতত জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি জানান, বিকেলে ঢাবির অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বর্তমানে জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি নেওয়া বন্ধ রয়েছে এবং পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকায় চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
ঘটনার পর হাসপাতালের ভেতরে ও বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢামেকের গেটের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায় ঢাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা পাঁচজন ঢাবি শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে মারধর করেছেন। অন্যদিকে জরুরি বিভাগের কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শাহবাগ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিকেল সাড়ে পাঁচটার পর ঢাবি শিক্ষার্থী ও ঢামেকের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বর্তমানে হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।







