চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী, গনস্বাস্থ্য’র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও মাওলানা ভাসানীর শিষ্য তরুণ চক্রবর্তী ফিজু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফিজুদা নামেই বেশি পরিচিত ছিলেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৩ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন।
১৯৭০-এর দশকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্র গভীর শোক প্রকাশ করেছে। গণস্বাস্থ্য কেন্দ্র তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণ চক্রবর্তী প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেলটির পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তার মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।








