দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হত সব ঠিক হয়ে গেছে, সেই দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন: বিজিবির মতো একটা ফোর্সকে (বাহিনী) পিঠ দেখাতে বলেছে সীমান্তে। সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে)।’
মঙ্গলবার ১৩ আগস্ট দুপুর পৌনে ১২টায় পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন: এ রকম একটা ফোর্সকে (বিজিবি) দানব বানানো হয়েছে। শুধু বিজিবি না, পুলিশ, র্যাব. আনসারকেও দানব বানানো হয়েছে। অথচ এগুলো কারও ব্যক্তিগত ফোর্স না। এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব।
তিনি বলেন: আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গিয়েছি। যারা পুলিশকে দানব বানিয়েছে। ফ্যাসিস্ট পার্টির (আওয়ামী লীগ) ফ্যাসিস্ট প্রোপাগান্ডায় এসব ফোর্সকে নষ্ট করা হয়েছে। তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে। অথচ বিজিবির সীমান্ত রক্ষা করার কথা। নো মোর ,নো মোর। ইনশাল্লাহ এটি আর কখনও হতে দেওয়া হবে না।
তালিকাভুক্ত ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন: সরকারি প্রসেস আছে। সে অনুযায়ী কাজ হচ্ছে। রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে রিকমেন্ডসহ ফাইল চলে গেছে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না; সেটা নিয়ে আলোচনা হবে। আমি যে কয়দিন আছি, শাস্তির বিষয়টি নিশ্চিতে চেষ্টা করে যাব।
এর আগে, সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অনেক কথার মধ্যে অনেক কিছু চলে আসে। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি এবং সেটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, তাহলে আমি দুঃখিত।







