সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সাথে অবৈধ সম্পর্কের বিষয়ে তার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগের শুনানির জবাব দিতে ফ্লোরিডা থেকে নিউইয়র্কের ম্যানহ্যাটনে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজই তার ম্যানহাটনের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
আদালতে যাওয়ার আগ পর্যন্ত ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে অবস্থান করবেন তিনি।
ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে কাজ করছে ইউএস সিক্রেট সার্ভিস। তারা ট্রাম্পের বাসভবন ও ম্যানহাটনের আদালত ভবনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ম্যানহাটনসহ গোটা নিউইয়র্ক শহরের।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে এ অভিযোগকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প।
যদি ট্রাম্পের বিরুদ্ধের এই অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে প্রথমবারের মতো কোনো সাবেক কোন মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেপ্তার হতে পারেন।








