আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি ‘দম’ ঈদের দিন থেকে প্রথম ২/৩ সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে চলবে। শুরুতে কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেয়া হবে না বলে জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল।
মঙ্গলবার বিকেলে ‘দম’র ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে সুড়ঙ্গ, তুফান, দাগী, তাণ্ডবের মতো আলোচিত সব ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শুধু বাংলাদেশ নয় বিদেশের দর্শকদের কথা মাথায় রেখে ‘দম’ বানিয়েছি। বিশ্বাস করি, বিদেশে এই সিনেমার পটেনশিয়ালটি পাবো। টিজার এবং ট্রেলারের পর বিদেশি পরিবেশকরা নিতে চাচ্ছেন।
শাহরিয়ার শাকিল বলেন, আমাদের দেশে মাল্টিপ্লেক্সে যে নিয়মে সিনেমা চলে, সিঙ্গেল স্ক্রিনগুলোতে তেমন কোন নিয়ম নেই। এই কারণে আমার মত অনেকের সিনেমা পাইরেসি হচ্ছে। গত বছর রিলিজের কয়েকদিনের মধ্যে তাণ্ডব এইচডি কপি পাইরেসি হয়ে যায়। এজন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা, প্রথম ২/৩ সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সে দম চলবে।
এরপরে সারা দেশের দর্শকদের সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে দেখার সুযোগ করে দিব। সেই সঙ্গে বিদেশেও চলবে। যারা দম দেখার জন্য অধীর আগ্রহে আছেন তাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে বলছি, আপনারা ২/৩ সপ্তাহ পরেই হয়তো আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
শাহরিয়ার শাকিল বলেন, যখন হল সংখ্যা জানানো হবে, প্রথম ২/৩ সপ্তাহ শুধু মাল্টিপ্লেক্সের হল লিস্টটি দম দিবে। তাই কে কত হল পেল এসব নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক আমি তা চাই না।








