ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছেড়ে যাবেন না।
রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। জরাজীর্ণ আবাসিক ভবন ছাড়া নিয়ে শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের মতবিরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানিয়েছে, হলগুলোর একটিও বসবাসের উপযোগী নয়।
শনিবার (২১ জুন) দুপুরে এমন আন্দোলনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন।
এতে বলা হয়, বারবার নোটিশ এবং বিকল্প আবাসন নিশ্চিত করা সত্তে¡ও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহিযোগিতার কারণে ডাক্তার ফজলে রাব্বি হলের মূল ভবনের পরিত্যক্ত চতুর্থ তলা খালি করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা বলছেন, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।








