ক্যানসারে আক্রান্ত হয়ে গত কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা অরুণ রায়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বশেষ চিত্রনায়ক দেবকে নিয়ে তিনি বানিয়েছিলেন ‘বাঘা যতীন’।
২০২৩ সালের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’। দেবের বন্ধুর মতো ছিলেন অরুণ। প্রিয় নির্মাতাকে হারিয়ে তাই শোকাহত দেব।
বৃহস্পতিবার দুপুরে অরুণ রায়ের সাথে একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘অনেক তাড়াতাড়ি হয়ে গেলো বন্ধু’!
‘বাঘা যতীন’ এর শুটিং চলাকালীনই পরিচালকের অসুস্থতার বিষয়টি ধরা পড়ে। খাদ্যনালিতে ক্যানসারের কথা জানা যায় তখন। একটা সময় কেমোথেরাপি চলাকালীনও শুটিংয়ের কাজ করে গেছেন এ পরিচালক।
জীবনের এমন কঠিন সময়েও তিনি ছিলেন পজিটিভ। কোনও সাক্ষাৎকারে ক্যানসার সংক্রান্ত প্রশ্ন করা হলেও, উত্তর দিতে চাননি সেই ভাবে। পরিচালকের মতে, যে কারও হতে পারে এই রোগ। পরিচালকের এই মনের জোর অনেকের অনুপ্রেরণা বলা চলে। তবে শেষ পর্যন্ত ক্যানসারের কাছে তাকেও হার মানতে হলো।
‘বাঘা যতীন’ ছাড়াও অরুণ রায় নির্মাণ করেছেন এগারো, চোলাই, বিনয়-বাদল-দীনেশ, হীরালাল-এর মতো নজরকাড়া সিনেমা।








