ছবির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন বলি তারকা সালমান খান। এবার তিনি চর্চায় মহৎ এক কাজের কারণে।
অস্থিমজ্জা দান করে এক ছোট মেয়ের পাশে দাঁড়িয়ে নজির গড়েছিলেন সালমান। তিনিই প্রথম ভারতীয় যিনি অস্থিমজ্জা দান করেছিলেন। ২০১০ সালে ‘ম্যারো ডোনর রেজিস্ট্রি ইন্ডিয়া’-তে রেজিস্ট্রেশন করেছিলেন সালমান। চিকিৎসক সুনীল পারেখ এই খবর সংবাদমাধ্যমের কাছে খবর নিশ্চিত করেছেন।
সেই চিকিৎসক সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘এমন মহৎ উদ্যোগের জন্য আমি এবং যারা এই অস্থিমজ্জার রোগে আক্রান্ত তাদের পক্ষ থেকে সালমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। পূজা নামে একটি ছোট্ট মেয়ের অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। সালমান সেই খবর পড়েছিলেন। তিনি নিজের ফুটবল টিমের প্রত্যেককে অস্থিমজ্জা দান করার কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সকলে শেষ মুহূর্তে পিছিয়ে যান। তখন একমাত্র সালমান ও তার ভাই আরবাজ খান এগিয়ে আসেন এবং অস্থিমজ্জা দান করেন।’
ভারতে অস্থিমজ্জা প্রদানকারীর সংখ্যা খুব কম বলে সেই সময়ে জানিয়েছিলেন সালমান। তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের দেশে মাত্র পাঁচ হাজার অস্থিমজ্জা প্রদানকারী রয়েছেন। শুধুই সচেতনতার অভাব নয়, মানসিকতার সমস্যাও রয়েছে। যারা এই রোগে আক্রান্ত তাদের জন্য আমাদেরও দায় রয়েছে। তাই অস্থিমজ্জা দান করুন এবং মানুষের জীবন বাঁচান।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








