কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা। কোরবানির ঈদের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছেড়েছেন। অনেকটা ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। কলকারখানা বন্ধ, জনমানুষ কম থাকার পরও ভালো নেই ঢাকার বাতাস। দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তিন নম্বরে রয়েছে ঢাকা।
রোববার সকাল সাড়ে ৬টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্যে এমন জানা গেছে।
আইকিউএয়ারের তথ্যে, দূষিত শহরের তালিকায় প্রথমস্থানে চিলির সান্তিয়াগোর স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর বিবেচিত। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, বায়ুর মান ১৬১, যা অস্বাস্থ্যকর। তালিকায় তিনে ঢাকা, স্কোর ১৬০, এটিও অস্বাস্থ্যকর বিবেচিত। চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর স্কোর ১৫৫।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুমান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বিবেচনা করা হয় এবং ৩০১এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বিবেচিত হয়।








