সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়কে মিছিল করে আন্দোলন শেষ করা হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনেও এ ধরণের কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আধুনিক বাংলাদেশ গড়তে এমন কোটা প্রথা মানা যায় না। আমরা চাই অবিলম্বে কোটা সংস্কারের মাধ্যমে সকলক্ষেত্রে মেধাবীদের সুযোগ করে দেওয়া হোক। দেশব্যাপী ‘বাংলা ব্লকেডের’ সাথে আমরা একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করেছি।
এসময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করেন। শনিবারও সড়ক অবরোধ করে মিছিল করেন। এদিন ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকলপ্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।








