সিলেট থেকে: রানবন্যা বইছে বিপিএলে। মিরপুরের পর সিলেটেও প্রথমদিনে দুই শতাধিক রানের ইনিংস দেখা গেছে। প্রথমদিনের দুটি ম্যাচেই রান হয়েছে সিলেটে। দ্বিতীয় দিনে ভিন্ন চিত্রের দেখা মিলছে। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স বোলারদের সামনে বিধ্বস্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস। নাহিদ রানার তোপে ১১১ রানে থেমেছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটি।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে ঢাকা। ১৬.৩ ওভার ব্যাট করে ১১১ রানে গুটিয়ে যায় তারা।
রংপুর বোলারদের তোপে ঢাকার ব্যাটারদের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেছেন তানজিদ তামিম। ১৬ বলের ইনিংসে ছিল ৩ চার ও এক ছক্কার মার। জেসন রয় ১২ বলে ১৮ রান, আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান এবং হাবিবুর রহমান সোহান ১২ বলে ১৪ রান করেন। বিপিএলের মাঝে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে ৯ বলে ১২ রান এসেছে। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
রংপুরের নাহিদ রানা ২১ রান খরচায় ৩ উইকেট নেন। আকিফ জাভেদ ও খুশদিল শাহ নেন দুটি করে উইকেট।








