কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বললেন আলবিসেলেস্তে তারকা।
সকালে ঢাকায় পা দিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন মার্টিনেজ। আলাপচারিতার একপর্যায়ে বলছেন, ‘আমি মার্টিনেজ, আমি বাংলাদেশের বাজপাখি।’

গাড়িতে হোটেলে যাওয়ার পথেও এক ভিডিও বার্তায় ‘হাই বাংলাদেশ, ধন্যবাদ’ বলেন এমিলিয়ানো।
আর্জেন্টিনা যখন কোপা আমেরিকা জিতল, লিওনেল মেসি জিতলেন বড় আসরে প্রথম কোনো জাতীয় দল শিরোপা, তখন গোলপোস্টের সামনে বড় ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। তখন থেকেই বাংলাদেশি সমর্থকেরা তাকে ‘বাজপাখি’ ডাকা শুরু করে।

বিশ্বজয়ী গোলরক্ষকের সঙ্গে এদিন দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। কন্যা-পুত্রকে নিয়ে বিশ্বজয়ীর সাথে দেখা করেন বাংলাদেশের কিংবদন্তি, নিয়েছেন অটোগ্রাফ, তুলেছেন ছবি।








