পিএসজির হয়ে ইউরোপীয় ট্রেবলসহ ঘরোয়া শিল্ড জয়ের মধ্য দিয়ে ইতিমধ্যে চারটি শিরোপা জিতেছেন উসমান ডেম্বেলে। ফিফা ক্লাব বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন এই ফরাসি তারকা। চেলসির সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পেলে আরও একটি শিরোপা উঁচিয়ে ধরবেন ২৮ বর্ষী ডেম্বেলে। এই তারকা ফরোয়ার্ডকে এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে রাখলেন গ্যারেথ বেল।
সদ্য শেষ হওয়া মৌসুম ও ফিফা ক্লাব বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত পিএসজির হয়ে ৫৩ ম্যাচে ৩৫টি গোল করেছেন ডেম্বেলে। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৬টি।
রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম এবং ওয়েলসের সাবেক তারকা বেল বলেছেন, ‘হ্যাঁ, আমার মনে হয় সে এটা জিতবে। সঙ্গে এটাও দেখতে হবে তার দল এই মুহূর্তে কী জিতেছে। আমার মনে হয় এটা স্পষ্ট সে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার।’
‘আপনি ঐ ট্রফিগুলোও ইতিমধ্যেই জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, স্পষ্টতই তারা তাদের ঘরোয়া ট্রেবল জিতেছে, যদি আবার ক্লাব বিশ্বকাপ জিততে পারে…। তাহলে ডেম্বেলের আগে এই মৌসুমে অন্য কাউকে এটার (ব্যালন ডি’অর) জন্য চিন্তা করা কঠিন।’








