ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন শতাদিক। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরের পর পরই কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে এ বিপর্যয় নেমে আসে। সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দিয়েছে এবং লোকজনকে সরিয়ে নিচ্ছে।
কিশতওয়ারের পুলিশ কন্ট্রোল রুমের কর্মকর্তাদের মতে, ৩৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তার শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই। এই চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়। আকস্মিক বন্যার পর বার্ষিক যাত্রা স্থগিত করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে, এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, স্বাধীনতা দিবস উদযাপনের জন্য পরিকল্পিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় তার “অ্যাট হোম” চা পার্টি বাতিল করেছেন। এছাড়াও স্বাধীনতা দিবস উদযাপনের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান না করারও সিদ্ধান্ত নিয়েছেন।
জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ত্রাণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কিশতওয়ারে মর্মান্তিক মেঘ ভাঙনের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








