টাঙ্গাইলে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে আইয়ুব আলী খান (৫৫) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইল আদালত চত্ত্বরের সামনে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধনে এই ঘটনা ঘটে।
মৃত আইয়ুব আলী জেলার কালিহাতীর শাজাহান সিরাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন।
টাঙ্গাইলের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়াল বলেন, ‘বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইয়ুব আলী ওই মানববন্ধনে অংশ নেন। এসময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক খালিদ হক তমাল বলেন, ওই শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে, এটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না।








