গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশ ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ সকালে নিজেদের পতাকা অর্ধনমিত করে শোক দিবস পালন করে মার্কিন দূতাবাস।
শনিবার ২১ অক্টোবর দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, পতাকা অর্ধনমিত করে নিহতদের জন্য শোক প্রকাশ করছেন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পৃথিবীতে বিভিন্ন সংঘাত এবং যুদ্ধে নিহত হওয়া প্রত্যেক নিরপরাধ এবং নিরীহ ব্যক্তিদের জন্য শোক দিবস পালন করবে মার্কিন দূতাবাস।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের উদ্বৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা যেকোন ধর্মের নাগরিকদের এবং সংঘাতে নিহত যেকোন জাতীয়তার নাগরিকদের জন্য শোক জানাই।’
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এদিন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়।








