ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার দর্শন থোগুদিপাকে যেই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনা সিনেমার গল্পকেও হার মানাবে! ভক্তকে খুনের অভিযোগে বর্তমানে কারাগারে তিনি। সেখানেও তার আবদার শুনে চোখ কপালে উঠবে যে কারও।
বিচার বিভাগীয় হেফাজতে থাকা অভিনেতা দর্শন বাড়িতে রান্না করা খাবার আনার অনুমতি চেয়ে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছেন। তিনি কাটলারি, পোশাক, বিছানা এবং বইও চেয়েছেন।
পিটিশনে তিনি আরও বলেছেন, কারাগারে দেওয়া খাবার খেতে এবং হজম করতে না পেরে কয়েক কেজি ওজন কমে গেছে তার। উল্লেখ করা হয়েছে যে এই খাবার খেয়ে অভিনেতা ডায়রিয়ায় ভুগেছেন এবং কারাগারের ডাক্তাররা খাবারে বিষক্রিয়ার সন্দেহ করেছেন।
আবেদনকারীর মতে, কর্ণাটক কারাগার আইন, ১৯৬৩-এর ধারা ৩০ অনুসারে বিচারাধীন বন্দীদের এই উপকরণগুলো বিবেচনা সাপেক্ষে পরীক্ষা করে দেয়া যেতে পারে। আবেদনটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি।
এক ভক্তকে নৃশংসভাবে হত্যা মামলায় কন্নড় সিনেমার তারকা অভিনেতা দর্শন থুগুদিপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কন্নড় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন দর্শন।
৯ জুন বেঙ্গালুরু শহরের এক নালা থেকে রেণুকা স্বামী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রেণুকা এক ফার্মেসি কোম্পানিতে চাকরি করতেন। ৩৩ বছর বয়সী রেণুকা চিত্রনায়ক দর্শনের একজন বড় ভক্ত ছিলেন।
৮ জুন কর্ণাটকের চিত্রদুর্গার বাড়ি থেকে তুলে এনে রেণুকাকে নৃশংসভাবে হত্যা করে লাশ নালায় ফেলে খুনিরা। সিনেমার কাহিনিকেও হার মানানো এই হত্যা মামলার তদন্ত করতে গিয়ে অভিনেতা দর্শনের নাম আসে।
১২ জুন অভিনেতা দর্শনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। তাকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস








