ঘূর্ণিঝড় সিত্রাং ৯০-৯৫ কিলোমিটার বেগে বাংলাদেশ উপকূলে ধেয়ে আসছে। পটুয়াখালীর খেপুপাড়ার পাশ দিয়ে চট্টগ্রাম ও বরিশাল অঞ্চল দিয়ে মধ্যরাত নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন ঝড় সর্তকীকরণ কেন্দ্রের উপ পরিচালক ছানাউল হক মন্ডল।
ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে ব্রিফিংয়ে ছানাউল হক বলেন, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং এর অগ্রভাগ বাংলাদেশে আঘাত হানবে। সিত্রাং এর বর্তমান অবস্থান অনুয়ায়ী এসময় বাতাসের গতিবেগ থাকবে ৯৫ কিলোমিটার।
ঝড় সতর্কীকরণ ব্রিফিং এ বলা হয়, যদি আরও উত্তর পশ্চিম দিকে সরে ঘনিভূত হয় তবে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যা এখনই বলা সম্ভব না। তবে বর্তমান পরিস্থিতিতে বলা যায় মধ্যমাত্রার ঘূর্ণিঝড়।
সকাল ন’টার পর সর্বশেষ দুপুর ১২টার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অফিস বলছে, দেশের মধ্যাঞ্চল থেকে উপকূলীয় এলাকার ভারী বৃষ্টিপাত ও চট্টগ্রামে দীর্ঘস্থায়ী বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা আছে।
সিত্রাং এর প্রভাবে ইতোমধ্যে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। আগামি ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। কেন্দ্রটি অতিক্রমের সময় বাতাসের গতিবেশ ১১০ কিলোমিটার হতে পারে।








