মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ভোর থেকে শুরু করে দিন বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ফুলে ভরে উঠছে।
ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দলবদ্ধভাবে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করছেন আগতরা। অনেকে পরিবারের সদস্যদের নিয়েও আসেন এই দিনটি স্মরণীয় করে রাখতে।








