পর্তুগাল জাতীয় দলে খেলার পথে ক্রমশ এগিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলে অভিষেকেই করেছিলেন গোল, এবার ডাক পেলেন অনূর্ধ্ব-১৬ দলেও।
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের কোচ ফিলিপে রামোস আসন্ন ফেডারেশন কাপের জন্য দল দিয়েছেন। তুরস্কে আসর গড়াবে ৩০ অক্টোবর থেকে। পর্দা নামবে ৪ নভেম্বর। পর্তুগিজ যুবাদের আসরে প্রতিপক্ষ স্বাগতিক তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।
আল-নাসেরের একাডেমিতে বেড়ে ওঠা রোনালদো জুনিয়র পর্তুগালের বাইরে থেকে স্কোয়াডে ডাক পেয়েছেন। সান্তোস থেকে ডাক পেয়েছেন কাওয়া মিরান্ডা।
অনূর্ধ্ব-১৫ দলে রোনালদো জুনিয়র চার ম্যাচ খেলেছেন। চলতি বছরের মে’তে হওয়া ডেভেলপমেন্ট টুর্নামেন্টে খেলা সব ম্যাচে পর্তুগাল জার্সিতে দুই গোল করেছেন রোনালদোর ছেলে।








