গতবছর জুনে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন বিশ্বজয়ী কিংবদন্তি লিওনেল মেসি। এরপর একে একে মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ মেসির বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। কিছু দিন আগেই সেখানে নাম লিখিয়েছেন লুইস সুয়ারেজ। এবার মেসির আরও এক বার্সা সতীর্থ ফিলিপ কৌতিনহো যোগ দিতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লাবটিতে। এমনটাই খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে।
বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন কৌতিনহো। গত সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান তারকাকে লোনে কাতারের ক্লাব আল দুহাইলে পাঠায় ক্লাবটি। মেয়াদ শেষে ফের ভিলায় ফিরে এসেছেন তিনি। তবে কৌতিনহোকে ছাড়তে চায় ক্লাবটি।
কাতার স্টারস লিগে (কিউএসএল) আল দুহাইলের হয়ে কেবল ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ৩১ বর্ষী এই ব্রাজিলিয়ান। সর্বমোট ৪১৯ মিনিট খেলে গোল করেছেন ২টি। এছাড়া এএফসি কাপে ৩ ম্যাচ খেলে করেছেন ২টি গোল, আর সহায়তা করেছেন একটি। তবে গ্রুপপর্ব থেকেই ছিটকে যায় দুহাইল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩–২৪ মৌসুমে চমক দেখিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে অ্যাস্টন ভিলা। তার মধ্যেই সামনে এসেছে কৌতিনহোর ইন্টার মিয়ামিতে যাওয়ার আলোচনা। স্পেনের একটি সংবাদমাধ্যম বলেছে, অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি কৌতিনহোকে স্কোয়াডে রাখতে চান না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভবিষৎ গন্তব্য হিসেবে আলোচনায় আছে ইন্টার মিয়ামি অথবা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তবে মিয়ামিতে সাবেক বার্সা সতীর্থ মেসি-সুয়ারেজরা থাকায় যাওয়ার সম্ভাবনা বেশি কৌতিনহোর।
সম্প্রতি মিয়ামি ছেড়ে পোর্টল্যান্ড টিম্বার্সে নাম লিখিয়েছেন কানাডিয়ান ফুটবলার কামাল মিলার। মিলার চলে যাওয়ায় একজন বিদেশি ফুটবলারের জায়গা খালি হয়েছে। সেখানেই হয়ত দেখা যেতে পারে কৌতিনহোকে।








