শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে আফগানিস্তান, নাইজার এবং মালি। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ওইসব দেশে চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
অন্যদিকে, চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে ৩০ রোজা পূর্ণ করে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুনও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। একই দিনে ঈদ উদযাপন করবে অস্ট্রেলিয়া ও মালদ্বীপ।
এর মধ্যে তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে আগেই শুক্রবারকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে।
অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়, তাই দেশটিতে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার উদ্যোগ নেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বেশ কিছু দেশ। চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে শুক্রবার বা শনিবার ঈদ উদযাপিত হবে।
এই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়া।


