কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার যাত্রা জয় দিয়ে শুরু হলেও গোল মিসের মহড়ায় মেতেছিল বিশ্বজয়ী দলটি। মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা সাবলীল থাকতে না পারার দায় চাপিয়েছে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের টার্ফের উপর। বলেছে, মাঠের বাজে অবস্থার কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি তারা।
কানাডাকে হারানোর পর মাঠ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। বলেছেন, ‘শুরুটা সৌদি আরব ম্যাচের (কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ) কথা মনে করিয়ে দিয়েছে। পার্থক্য একটাই, আমরা তখন ভালো মাঠে খেলেছিলাম। ভাগ্য ভালো যে আজ আমরা জিতেছি। নয়তো এটা সস্তা অজুহাত হিসেবে মনে হতো।’
মাঠটি খেলার উপযোগী নয় বলেই অভিযোগ বিশ্বজয়ী কোচের। বলেছেন, ‘আমরা সাতমাস আগে থেকে এখানে খেলার কথা জানতাম। তারা মাত্র দুইদিন আগে টার্ফ পরিবর্তন করেছে। আয়োজকদের জন্য এটা ভালো কিছু নয়। এটা অজুহাতও নয়। স্টেডিয়ামটি খুব সুন্দর। কৃত্রিম ঘাসের কারণে মাঠ আরও দুর্দান্ত হওয়ার কথা ছিল। কিন্তু আজকের ম্যাচে খেলোয়াড়দের জন্য উপযোগী ছিল না।’
একই ধরনের কথা বলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। রোমেরো বলেছেন, ‘মাঠের অবস্থা খুবই বাজে। এই ধরনের মাঠে খেলাটা দুর্ভাগ্যজনক। এটা আমাদের খেলাকে কঠিন করে তুলেছে, তবে এটা অজুহাত নয়। আমরা ভালো খেলেছি। আমার মনে হয়, আমরা দেখিয়েছি যে দল হিসেবে আমরা কতটুকু পারি। দলকে শীর্ষস্থানে নেয়ার আকাঙ্ক্ষা আমাদের মাঝে এখনও একইরকম কাজ করে।’
এমন মাঠে খেলা হলে কোপা আমেরিকা কখনও ইউরোর সমমান প্রতিযোগিতা হতে পারবে না, বলছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক বলেছেন, ‘কানাডার মতো যাদের ভালো ফরোয়ার্ড আছে, তাদের বিপক্ষে এ ধরনের মাঠে খেলা অনেক কঠিন। এই মাঠের অবস্থা উন্নতি করা দরকার। নয়তো কোপা আমেরিকা সবসময় ইউরোর চেয়ে নিচেই থেকে যাবে। আমরা আরও বেশি গোল করতে পারতাম। কিন্তু মাঠের অবস্থা বাজে ছিল।’








