পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত ঘিরে উত্তেজনা বাড়ছে। আফগান তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, পাকিস্তানের হামলায় তাদের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, সীমান্তে প্রতিশোধমূলক অভিযানে আফগান তালেবান প্রশাসনের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া ওই অভিযান টানা চার ঘণ্টা চলে। অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং ২টি ঘাঁটি দখলের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া একটি পাকিস্তানি ট্যাংক ধ্বংস ও একটি সামরিক যান কবজায় নেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের ভাষ্য, বৃহস্পতিবার তালেবান সরকারের হামলার পর পাকিস্তানি বাহিনী ‘গাজাব-লিল-হক্ক’ নামে অভিযান শুরু করে। এতে ২৭টি তালেবান পোস্ট ধ্বংস এবং ৯টি দখলের দাবি করা হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি ও সামরিক পদক্ষেপে সীমান্ত পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
আন্তর্জাতিক মহল সংযম ও সংলাপের আহ্বান জানালেও এখনো উত্তেজনা প্রশমনের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি।








