নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপির প্রতিবাদে এবং এই কারচুপিতে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের কমিশনার লিয়াকত আলি চাথা।
রোববার ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন’র এক প্রতিবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে পদত্যাগ ঘোষণার পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন চাথা। পরে তার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় পুলিশ।
স্থানীয় এক কর্মকর্তা জানান, প্রশাসন রেকর্ড জালিয়াতি ঠেকাতে অফিসটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়।
তবে পুলিশের এক মুখপাত্র জানান, ওই কমিশনারকে গ্রেপ্তার করা হয়নি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
রাওয়ালপিন্ডি জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী ও তথ্য-উপাত্ত সুরক্ষিত করা হয়েছে।








