ফুটবল

সিটির হয়ে ‘জয়ের’ আর কিছুই নেই গার্দিওলার

গার্দিওলা সিটির জয়ের পর ছবি, ফুটবল ট্রফি হাতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা, সিটির কোচ, ফুটবল ট্রফি হাতে, স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পেপ গার্দিওলা কোচের দায়িত্ব নেয়ার পর ইউরোপের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠে ম্যানচেস্টার সিটি। এরপরেও দুটি বড় শিরোপা জয়ের আক্ষেপ ছিল ইংলিশ ক্লাবটির। গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর বাকি ছিল ক্লাব বিশ্বকাপ জয়। এবার গার্দিওলার অধীনে সেই আক্ষেপেরও অবসান হলো সিটিজেনজের। তাতে সিটির হয়ে সম্ভাব্য সকল শিরোপাই জিতলেন স্প্যানিশ এই কোচ।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ম্যাচে ৪-০ গোলের জয়ে শিরোপা জিতে সিটিজেনরা। দলের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা জুলিয়ান আলভারেজ। আর একটি গোল করেন ফিল ফোডেন। নিজেদের জালে বল পাঠিয়ে অন্য গোলটি করেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার নিনো।

শিরোপা জয়ের পর ৫২ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘এটি খুবই সুন্দর একটি দিন। আমি খুবই খুশি। আমাদের ভাবনায় ছিল এই অধ্যায়টি শেষ করার। আমরা সব শিরোপাই জিতেছি, জয়ের আর কিছুই নেই। এখানেই আমার কাজ শেষ হতে চলেছে।’

‘এখন বড়দিনের সময়। এই সময়ে নতুন বই কেনা দরকার, কারণ আমরা নতুন ইতিহাস লিখতে চাই। গত আট বছরে সকল অভিযানই সম্পন্ন হয়ে গেছে। সিটির হয়ে অধ্যায়টি শেষ করার পথে অনেক অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে। আমরা যা করেছি সেটি আসলেই অবিশ্বাস্য। এখন নতুন একটি বই কিনে নতুন ইতিহাস লিখতে হবে।’

ইংল‍্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল ম্যানসিটি। এর আগে এই কৃতিত্ব ছিল ম‍্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর এই বছর এটি সিটির পঞ্চম শিরোপা।

সিটির হয়ে ক্লাব বিশ্বকাপ গার্দিওলার ১৪তম শিরোপা। এর আগে ক্লাবটির হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা, দুটি এফএ কাপ, চারটি কারাবাও কাপ, চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপার কাপ জিতেছেন তিনি। ২০২২ সালের নভেম্বরে সফল এই কোচের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিও করে রেখেছে ম্যানসিটি।

বিষয়:আলভারেজইপিএলগার্দিওলাফ্লুমিনেন্সব্রাজিলম্যানসিটি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…