ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহেইমার’ এখন আলোচনায়। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। এর নানা বিষয় এখন চর্চায়। তারমধ্যে সবচেয়ে আলোচনায় ছবির কেন্দ্রীয় অভিনেতা সিলিয়ান মারফি!
‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারের চরিত্র ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। এই ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ঝরাতে হয়েছে ওজনও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিলিয়ান মারফির সহশিল্পী এমিলি ব্লান্ট সম্প্রতি অভিনেতার ওজন কমিয়ে ‘ওপেনহেইমার’ হয়ে ওঠার রহস্য ফাঁস করেছেন। অভিনেত্রী জানান, সিলিয়ান মারফি সারাদিনে মাত্র একটি বাদাম খেতেন জে রবার্ট ওপেনহেইমারের মতো ছিপছিপে গড়নের হওয়ার জন্য।
নিউ ইয়র্ক টাইমসে চলতি বছরের মে মাসে দেয়া এক সাক্ষাৎকারে সিলিয়ান মারফি বলেন, ‘আমি আমার শরীর দিয়ে অভিনয় করতে ভালোবাসি। ওপেনহেইমারে শরীর এবং ছায়ার বিষয় ছিল, আমি সঠিকভাবে ফুটিয়ে তুলতে চেয়েছি। আমাকে ওজন ঝরাতে হয়েছে। পোশাক এবং সেলাই নিয়ে কাজ করতে হয়েছে। তিনি ছিলেন খুবই পাতলা গড়নের, মার্টিনিস এবং সিগারেটের উপরেই বেঁচে থাকতেন।’
‘ওপেনহেইমার’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সিলিয়ান মারফিকে নিয়ে শুরু হয়েছে হইচই। প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণে। আলোচনায় এখন তিনি। অনেকেই মনে করছেন এবছরের একাডেমি পুরস্কার যাবে তার হাতেই!
‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ‘জিরো সিজিআই’। অর্থাৎ গ্রাফিক্স এড়িয়ে বাস্তবিক শুটের ওপর ফোকাস করা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








