প্রথম বই ‘মায়াঘর’ প্রকাশের ১১ বছর পর এবারের একুশে গ্রন্থ মেলায় নতুন উপন্যাস নিয়ে এলেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। তার লেখা উপন্যাসের নাম ‘অনুমতি প্রার্থনা’।
চয়নিকা জানান, বইমেলার মিজান পাবলিশার্সে (২০ নং প্যাভিলিয়ন) বইটি পাওয়া যাচ্ছে।
সম্পর্কের টানাপোড়েনের গল্পে এই উপন্যাসটি তারকা অভিনেতা মাহফুজ আহমেদকে উৎসর্গ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি মনে করেন, কারও কারও প্রতিদান দিতে হয় না, দেয়াও যায় না। কিছু মানুষের কাছে আজীবন ঋণী হয়ে থাকতেই ভালো লাগে। আমার কাছে তেমনি একজন মানুষ, ভালোবাসা আর শ্রদ্ধার অভিনেতা মাহফুজ আহমেদ। এজন্য ‘অনুমতি প্রার্থনা’ উপন্যাসটি তাকে উৎসর্গ করলাম।
‘অনুমতি প্রার্থনা’ মূলত রোমান্টিক গল্পের উপন্যাস। চয়নিকা চৌধুরী জানান, অনেকের জীবনের সঙ্গে হয়তো এই গল্প মিলে যাবে। এটি মূলত সম্পর্কের গল্প।
শৈশবে মায়ের সঙ্গে বইমেলায় যেতেন চয়নিকা চৌধুরী। সেইসময় থেকে বইমেলার প্রতি তার প্রেম জন্মায়। তিনি জানান, পরে মায়ের ইচ্ছেতে ২০১৪ সালে প্রথম বই লেখেন। এরপর মাসে একাধিক নাটকের শুটিং থাকায় লেখালিখিতে মনযোগ দিতে পারেননি। পরে ‘বিশ্বসুন্দরী’ ও ‘প্রহেলিকা’ দুটি সিনেমা করায় সেখানে আরও মনযোগী হতে হয়েছিল চয়নিকাকে।
গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন শুটিং ব্যস্ততা কম থাকায় ‘অনুমতি প্রার্থনা’ উপন্যাসটি লেখা শুরু করেন চয়নিকা চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, লেখালেখি যে অনেক কঠিন কাজ এবার উপন্যাস লিখতে গিয়ে বুঝলাম। এজন্য আমার বইটি আসতে দেরি হয়েছে। প্রকাশক মিজান ভাই আমাকে ভীষণভাবে সম্মানিত করেছেন এবং উনি লেগে ছিলেন বলে ‘অনুমতি প্রার্থনা’ প্রকাশ করতে পেরেছি।








